রমজানের ইফতার-সাহরির বিশেষ আয়োজনের চাহিদার সুযোগ নিয়ে রাজধানীর বাজারগুলোতে মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে মুরগি, গরুর মাংস ও বেশ কয়েকটি মাছের দাম আগের সপ্তাহের তুলনায় ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। সবজির দামও বাড়তি।
বিক্রেতাদের দাবি, স্বাভাবিকের তুলনায় সরবরাহ গত কয়েক সপ্তাহে কিছুটা কমেছে। তাছাড়া রমজানের বিভিন্ন পারিবারিক আয়োজনে চাহিদা বাড়ায় পণ্যের দাম বেড়েছে।
গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ বাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম দুই-সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা। বাজারে ব্রয়লার মুরগি কেজিতে এখন বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়, যা গত দুই সপ্তাহ আগেও ১৬০-১৭০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। আর সোনালি মুরগির কেজি ৩২০-৩৪০ টাকা। লেবুও পিস প্রতি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। হালি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। মরিচের দামও কেজিতে ৩০-৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়।