ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশকনিধন অভিযান শুরু করতে যাচ্ছে। শনিবার থেকে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক প্রচার কার্যক্রম শুরু হবে।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, শহরে ক্রমবর্ধমান মশার উপদ্রব এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এই কর্মসূচি পরিচালিত হবে। এতে কীটতত্ত্ববিদ ও ঊর্ধ্বতন কীট নিয়ন্ত্রণ কর্মকর্তারা অংশ নেবেন।
ক্যাম্পেইনের আওতায় পরিত্যক্ত ও অব্যবহৃত পাত্র অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার, সচেতনতামূলক শোভাযাত্রা, প্রচারপত্র বিতরণ ও গণযোগাযোগ কার্যক্রম চালানো হবে। নগরবাসীকে তাদের বাসাবাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণে উদ্বুদ্ধ করা হবে।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার বিশেষ মশকনিধন অভিযান পরিচালনা করা হবে। নগরবাসীকে বাসা ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সক্রিয় অংশ নিতে উত্সাহিত করা হচ্ছে।
সরকারি জরিপে ডিএনসিসির ২৫টি ওয়ার্ডকে এডিস মশার ঝুঁকিতে সবচেয়ে বেশি চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মার্চ থেকে মে পর্যন্ত প্রতি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫৩টি ক্যাম্পেইন পরিচালিত হবে। বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন কমালে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
বাংলাদেশ
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটিতে শুরু হচ্ছে ‘বিশেষ অভিযান’
সংগৃহীত
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর