সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৫৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরু বোঝাই একটি ইঞ্জিনভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।