দেশের বাজারে স্বর্ণের নতুন দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের মধ্যে একটি।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বুধবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম গতকাল সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ও জুয়েলারি তৈরির মেকিং চার্জ যোগ হবে, যা দোকান ও নকশাভেদে আলাদা হতে পারে।
স্বর্ণের দামে ধারাবাহিক এই ঊর্ধ্বগতি ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও ডলারের বিনিময় হারের কারণে স্বর্ণের দামে অস্থিরতা আরও কিছুদিন থাকতে পারে।