দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে টানা ষষ্ঠবারের মতো এই দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ এই দফায় ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি পাওয়ায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায়।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, মানভেদে স্বর্ণের নতুন দাম এখন- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক দফায় স্বর্ণের দাম কেবল বেড়েছেই। সবশেষ টানা ছয় দফায় মোট ২১ হাজার ৮৭০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে গত সোমবারও (২ মার্চ) ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়েছিল বাজুস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে গ্রাহককে ভরিপ্রতি তিন হাজার টাকার বেশি বাড়তি গুনতে হচ্ছে।