আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত আরও বিস্তৃত হওয়া এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় সরবরাহ সংকটের ভয় বাড়ছে। এতে বাজারে দামের ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার গ্রিনিচ সময় ভোর ৪টায় ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি দাঁড়ায় ৭৯ দশমিক ৪৪ ডলার, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেশি।
সোমবার লেনদেনের একপর্যায়ে ব্রেন্টের দাম বেড়ে ৮২ দশমিক ৩৭ ডলারে ওঠে, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। যদিও দিনের শেষে কিছুটা কমে গেলেও চুক্তিটি ৬ দশমিক ৭ শতাংশ ঊর্ধ্বগতিতে দিন শেষ করে।