এএফসি নারী এশিয়ান কাপ খেলতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণ শেষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, নিরাপদেই অস্ট্রেলিয়ায় পা রেখেছেন আফঈদা-ঋতুপর্ণারা।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালি অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্য অনেক হলেও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছেন কোচ পিটার বাটলার।
এশিয়ান কাপ মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। ফল যাই হোক, দেশের মানুষকে খেলা দেখার ও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল।
আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর এএফসি নারী এশিয়ান কাপ। ৩ মার্চ প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে সিডনিতে এবং উজবেকিস্তানের বিপক্ষে পার্থে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং স্থানীয় একটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নিতে আগেভাগেই সেখানে গেছে বাংলাদেশ দল।
প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এটি এক গৌরবময় মুহূর্ত এবং নারী ফুটবল দলের এই অগ্রযাত্রা দেশের জন্য বড় অনুপ্রেরণা।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, জয়-পরাজয় ছাপিয়ে লড়াকু মানসিকতায় মাঠে নামবে বাংলাদেশ এবং লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখবে।
নারী ফুটবল, বাংলাদেশ দল, এএফসি এশিয়ান কাপ, অস্ট্রেলিয়া, বাফুফে, আন্তর্জাতিক ফুটবল
#BangladeshWomenFootball #AFCWomensAsianCup #Bangladesh #WomenInSports #Football #RightNews